ছন্দা মান্না পন্ডিত
Showing posts with label ছন্দা মান্না পন্ডিত. Show all posts

নিরুদ্দেশী

ছন্দা মান্না পন্ডিত

হঠাৎ বিকেল শ্রান্তদেহী জানলা কাঁচে
নিরুত্তাপের দাবানলে এলোকেশী।
ছাই রেখে যায় বুকের ভেতর বুনট ছাঁচে
ঠিক অবিকল সেই চেহারা নিরুদ্দেশী।

ঈশানী কোন্ বাতাস এলে ছাই উড়ে যায়
স্পর্শে কেবল আঙুল আঁঠা জমতে থাকে।
খুব গোপনে বারুদ রাখো ঠোঁটের তলায়
উদাসিনী জ্যোৎস্না কিনে সাজতে থাকে।

বুকের ভেতর বেআব্রু মন হালকা তাপে
কাজলা নদী সরীসৃপের শরীর আঁকে।
ছাই রঙা হাত, মায়াবী চোখ চিবুক মাপে
উদাসিনী জ্যোৎস্না গায়ে ভিজতে থাকে।

বিষাদী মন যেই ছুঁয়ে নেয় ঠোঁটের পালক
দমকা আঁচে বারুদ তখন ঘ্রাণ মেখে নেয়।
নিরুদ্দেশীর ছাই উড়ে যায় আগুন জ্বালক
একলা মেয়ে বারুদ আঁচে বুক পেতে দেয়।

এমনি করেই রোজ জ্বলে যায় অভিমানী
আরেকটি বার নিরুদ্দেশীর ছোঁয়ার আশায়।
ছাই রঙা মন বৃষ্টিমেয়ের হৃদয় খানি
ভালবাসে জ্বালতে শুধুই অবহেলায়।

অলংকরণ - অভিষেক ঘোষ

ছোঁয়া - ছন্দা মান্না পন্ডিত

শ্বাসের ওপর শ্বাস যখন সমদ্বিখন্ডিত,
তারায় ফুটে ওঠা আরশিমুখ,
আধান নির্বিশেষে বাঁ’দিকের বাসিন্দা,
চেটোর উষ্ণতায় অস্থিমজ্জা।

ফিরে এসো প্রাণ!
শেষ ছাই দিয়ে গড়ব আবার
মিলিয়ে দেবো কর্ণিয়া,
বেরিয়ে যাওয়া রক্তের
সঞ্চালন হবে শিরায়,
বেজে উঠবে হৃদপিন্ড,
অস্থির হবে পূর্ণাঙ্গ।

নির্বিকার মায়া!
পাঁজর ফোকরে ছটফটায়,
আলাদীনের প্রদীপ খোঁজে,
জন্মান্তরে হাতড়ায়।

সকাল ফের সাংসারিক ব্যাখ্যায়।
হাজার ব্যস্ততার মাঝে অদৃশ্য দহন পেরিয়ে;
নশ্বর এই দেহে লেগে থাকে

শেষ ছোঁয়ার অনুভূতিটা...


অলংকরণ - পিম চাউই (শাটারস্টক)