না। বেশি ফেনাব না। এই গল্পটা হয়ত আপনি পড়ছেন লোকাল ট্রেনের হ্যাণ্ডেলে ঠেস দিয়ে, স্টেশন এলেই একটু বাদে নেমে পড়তে হবে। কিম্বা হয়ত অফিসের লাঞ্চ ব্রেকে খেতে খেতে গল্পটায় চোখ বোলাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই আবার বসতে হবে কাজে। অথবা হয়ত আর খানিক বাদেই আপনি কোনো জরুরী দরকারে বাইরে যাবেন। তার মধ্যে যেটুকু পড়া যায় পড়ে নেওয়ার চেষ্টা করছেন।
মানে মোদ্দা কথা, আপনি বা আপনাদের হাতে সময় সীমিত। সাধারণত কাহিনিতে যেভাবে রসিয়ে রসিয়ে বর্ণনা, চরিত্র চিত্রণ কিম্বা পটভূমিকা লেখা হয় সেই সব পড়ার মত আপনার বা আপনাদের এই মুহূর্তে ধৈর্য নেই।



















