এক
“আপনি কখনো খুন করেছেন?”
প্রশ্ন শুনে ঘুরে তাকালাম। বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে সবেমাত্র আলাপ হয়েছে। ফাস্ট ক্লাশ কুপেতে আমরা দু’জন যাত্রী। রাতের অন্ধকারের ভেতর ট্রেণটা হু হু করে ছুটে চলেছে।
মনে হ’ল ভদ্রলোক ঠাট্টা করছেন। তাই হেসে জবাব দিলাম, “না, সে সৌভাগ্য এখনও হয় নি।”
“ভুল করছেন মশাই। সেটা কখনই সৌভাগ্য নয়, আমি কিন্তু খুন করেছি, তিন তিনটে।”
