“বাবু! এক রুপাইয়া দো না!” — দুপুরের এক পশলা বৃষ্টির পর, ট্রেনের সীটে বসে যেই একটু আঁখি-পল্লব যুগলকে আলিঙ্গনের সুযোগ করে দিলাম, ঠিক তখনই চিরাচরিত এই আবেদন শুনে একটু বিরক্তই হয়ে গেছিলাম। “এখন খুচরো নেই” বলে মুক্তি পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বৃথা সেই চেষ্টা। চোখ একটু ভালো করে খুলতেই দেখলাম যে একজন নয়, দুজন দাড়িয়ে আছে। ট্রেন ছাড়তে এখনও মিনিট পঁয়তিরিশ বাকি। পাশের সীটগুলো তখনও যাত্রী-অপেক্ষারত। ভাবলাম, ভর্তি ট্রেনে কোনোদিন তো সুযোগ হয়নি, এই একটা বেশ সুযোগ ওদের মুখে ‘চিরাচরিত’ ওই আবেদনটা ছাড়াও অন্য কিছু শোনার।