এক
বুড়িগঙ্গার বুকে মন্থর গতিতে এগিয়ে চলেছে একটি জলযান। আলো আঁধারির মিহি আস্তরণের ঘেরাটোপে সেটি অস্পষ্টভাবে দৃশ্যমান। প্রথম দর্শনে কোনো বড় ব্যবসায়ীর বজরা বলে ভুল হতে পারে, কিন্তু একটু ভাল করে খেয়াল করলেই বোঝা যাবে এই জলযানের পরিচয় অতটা সাধারণ নয়। এটি নবাবি ময়ূরপঙ্খী বজরা, যার উপরে পতপত করে উড়ছে বাংলা বিহার উড়িষ্যার নবাবের বিজয় পতাকা। বিজয় পতাকাই বটে! তবে তা কলঙ্কিত, রক্তাক্ত।

