বড় হওয়াটা একদিনে না ঘটলেও, প্রায়শই উপলব্ধিটা হঠাতই একদিন ঘটে। হয়ত কোন দরকারী কাজ সারছেন, এমন সময় মাথার মধ্যে টিকটিক করে কাজের চাপ, দায়দায়িত্ব, নির্ধারিত কর্মপরিকল্পনারা এক সাথে হেঁকে উঠে বড় হওয়াটা জানান দিয়ে দিল। আপনাদের কথা জানিনা, তবে আমার জীবনে এই ঘটনা হামেশাই ঘটে থাকে। সত্যি বলতে কি,আক্ষেপ করাটা একটা অভ্যাস। বিস্তারিত কার্য-কারণ বর্ণনা করে পাঠকের ধৈর্য্যের পরীক্ষা নেব না; আজ বরং একটু পূর্বকথা বলি।
আমি জন্মাবধি প্রধানত কলকাতানিবাসী। আমার দাদু-ঠাকুর্দা ছিলেন পূর্ববঙ্গের লোক। বাংলা সাহিত্যে ভিটে মাটি ছেড়ে আসা মানুষের গল্প তো কম নেই। সুনিল বাবুর 'পূর্ব-পশ্চিম' পড়েনি এমন বাঙালি বিরল। এছাড়াও, দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া তপন রায়চৌধুরীর 'বাঙ্গালনামা'ও অনেকে পড়েছেন। আমার বাবা-কাকারা ছোটবেলায় যে অনটনের মধ্যে মানুষ হয়েছেন আমাদের বেলায় সেটা পুষিয়ে দেওয়ার একটা বিশেষ চেষ্টা ছিল। তবে, কখনই সেটা মাত্রাতিরিক্ত হয়নি।