প্রথম সংখ্যা
Showing posts with label প্রথম সংখ্যা. Show all posts

বৃষ্টি কোথায় ? - সুস্মিতা দাস

ছবির সৌজন্যে

বাহিরে বৃষ্টি নেই;
শুকনো পথঘাট,
শুকনো ফুটিফাটা বিকেল, অস্তগামী।

পুড়ছে আরও পুড়ছে...
নিভৃতে, সন্তর্পণে,
ছড়িয়ে যাচ্ছে ডালপালায়।

নিভু নিভু আগুনে;
বিস্তার প্রমাণ;
নিষ্কৃতি অন্য ঠিকানায়।

রুদ্ধ দেওয়ালগুলির, ভিন্ন
চাবিরা এখন মৃত;
মুক্তির জল শূন্যের দিকে।

অকালবৈশাখীর অতর্কিত পূর্বাভাষ;
নিম্নচাপ!
বিভক্ত দিনগুলির পাড় ভাঙে।

অভিশপ্ত বায়ুর খেয়ালখুশি-
আজ ধীরতা চায়;
কিন্তু, বাহিরে বৃষ্টি কোথায়?

তিনটে শব্দ - প্রমিত নন্দী

বিরক্তির সঙ্গে মাথাটা তুললাম। পরবর্তী সংখ্যা প্রকাশের আর বেশি দেরি নেই। ঝাড়াই বাছাই করে তাড়াতাড়ি লেখাগুলো ছাপাতে দিতে হবে। হাতে যত কম সময় থাকে, প্রেসের বাছাধনদের নখরাবাজি যেন ততই বেড়ে যায়। এই রকম ব্যস্ততার সময়ে দেখি একটা উটকো লোক বেমালুম আমার ‘সম্পাদকের দপ্তরে’ ঢুকে পড়েছে! সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে ডাকতে যাচ্ছিলাম। কিন্তু হাবে ভাবে বুঝতে পারলাম, লোকটা আর কেউ না, একজন লেখক।

পাণ্ডুলিপির সুবিশাল স্তুপটার দিকে তাকালাম। লোকটা হয়তো কোন লেখা সাধ করে আমাদের পত্রিকায় পাঠিয়েছিল। তারপর বহুদিন ধরে কোন খবর টবর পায়নি। বেজায় চটে গিয়ে শেষমেশ হাজির হয়েছে আমার কাছে।

কিন্তু না, লোকটার বগলে দেখি একতাড়া কাগজ এবং কোন রকম ভণিতা না করে সেগুলো সে আমার সামনের টেবিলে ঝপাৎ করে ফেলে দিল!

“ছাপুন!”, জোর গলায় বলল লোকটা।