সে বছর শরৎকালের আকাশে পেঁজা তুলোর মতো মেঘে মেঘে নোংরা হয়ে যাওয়া নীল আকাশে দেখা গেছিল বিশাল ভিনগ্রহী স্পেস-শিপটা। আধ-মাইল চওড়া একটা লাট্টুর মতো গোলচে একটা জিনিস আকাশে ঘুরছিল। গায়ে কীসব রঙিন আঁকিবুঁকি ছিল। তাই স্পেস-শিপটা যখন ঘুরছিল, পুরো আকাশ জুড়ে লাল, নীল, সবুজ সমস্ত রঙের রামধনুর মতো নানারঙের হিজিবিজি তৈরি হচ্ছিল।

