শুভদীপ পাপলু
Showing posts with label শুভদীপ পাপলু. Show all posts

তমসো মা জ্যোতির্গময়ঃ - শুভদীপ পাপলু

তমসো মা জ্যোতির্গময়ঃ
শুভদীপ পাপলু
নাও... এবার নকল লজ্জাবস্ত্র খুলে ফেলো,
হাততালি পড়ছে।
এদিকে মুষলধারে নেমেছে,কফিশপে বৃষ্টি—
উপত্যকার ধারে।

হাত চুঁইয়ে কর্তব্য গড়াচ্ছে,
দাগ লেগেছে গোলাপী ঠোঁট’টায়,
‘দাগ তো ভালো,’ হয়তো বুঝেছো,
‘মেঘ করে আসা কোলকাতা বইমেলায়।’
যতদূর হাঁটবে, পুরোটাই পিচরাস্তা...
প্রতিশোধ নিও, সুজাত বুখারি’র আত্মায়!

যাও... তাকে আমার কথা বোলো,
দগ্ধ হয়েছি জীবিত আসিফা’র চিতায়
একসাথে সবাই মরছি।
একসাথেই সকলে কফি খাবো।
শুধু; তোমার নকল লজ্জাবস্ত্র, খোলার অপেক্ষায়।

দারু চিনি

শুভদীপ পাপলু
প্রবাহের সাথে প্রবাহে ভেসে
টিপটিপ সে,মুদ্রাদোষ
রাতের বুকে দাগ টেনেছেন,
উল্টোডাঙ্গা'র শঙ্খ ঘোষ।

সেমিকোলনের কুচকাওয়াজে,
বদমেজাজী মেঘের ফোঁস
চোরাবালির টাইপরাইটারে
শমন পাঠান শঙ্খ ঘোষ।

মানববোমা,যিশু'র পিতা-
মরছে ক্ষিধেয় ভ্রুণের কোষ,
এরপরেও কুরুক্ষেত্রে
ভীষ্ম সাজেন শঙ্খ ঘোষ।

কনুই মাঝে বাঘের হানা-
হাঁটতে হবে অনেক ক্রোশ,
বিপদ সুখে কম পড়েছে
লাল সেলামের শঙ্খ ঘোষ।

বরফ দেশের চঞ্চলা মেয়ে
বিগ্রহেরই অসন্তোষ,
আখছার দেশ ছাড়ছে জনতা
পায়ে পায়ে সেই-ই শঙ্খ ঘোষ।

চন্দন কাঠে সুন্দরী চিতা
কাঁটাতারে শুয়ে খরগোশ,
গোলাপ কাঁটায় পড়ছে চুঁইয়ে
কয়েক ফোঁটা শঙ্খ ঘোষ।